নিজস্ব প্রতিবেদক
দেশ যখন সংকটে পড়ে, তখন তা থেকে উত্তরণের দায়িত্ব জনগণ বিএনপির ওপরই তুলে দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার গভীর রাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, সংকটময় সময়ে দেশ ও জনগণের পাশে থেকে সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির প্রধান দায়িত্ব। তবে সেই দায়িত্ব পালনের জন্য দলের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা জরুরি।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, বিএনপির কোনো নেতা বা কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করলে এর চূড়ান্ত সুবিধা পাবে ‘গোপন ও পলাতক শক্তি’। তাই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে জাহিদ হোসেন আরও বলেন, সামনে দলকে কঠিন সময় পার করতে হতে পারে। এ অবস্থায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের পূর্ববর্তী বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। পাশাপাশি দেশের স্বার্থে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
জেলার পাঁচটি উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সমমনা রাজনৈতিক সংগঠনের হাজারো নেতাকর্মী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

