শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত তাঁদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় লিউ হাইশিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলামও উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান লিউ হাইশিং। তিন দিনের সফরে চীনা কমিউনিস্ট পার্টির এই নেতা বাংলাদেশে এসেছেন।
সফরসূচি অনুযায়ী, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর নেতৃত্বাধীন চীনা প্রতিনিধিদলের। পাশাপাশি বাংলাদেশ-চীন সম্পর্ক এবং রাজনৈতিক সংলাপসংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।

