
দৈনিক রিপোর্ট ডেস্ক:
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আজ বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। জাতীয় সংসদের শপথ কক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এই সংবাদ সম্মেলনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ–সংক্রান্ত প্রেক্ষাপটেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার দুপুরে ব্যাংকক থেকে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন।
দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তাঁর কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তিনি জানান, বিদেশে অবস্থান করায় এ বিষয়ে তিনি অবগত ছিলেন না।
রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, রাষ্ট্রপতি যদি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন, তবে সংবিধান অনুযায়ী তাঁর পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করবে।
স্পিকার আরও বলেন, সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদকে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।
ব্যাংকক সফর নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেশে ফেরার কারণ জানতে চাইলে তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ায় এবং ব্যক্তিগত কিছু কাজ থাকায় তিনি নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে এসেছেন।
উল্লেখ্য, কয়েক দিন ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, খুব শিগগিরই তিনি পদত্যাগ করতে পারেন। এমন পরিস্থিতিতে স্পিকারের আগাম দেশে ফেরা এবং জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে।
