জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে পায়ে হেঁটে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রায় তিনি নিজেই নেতৃত্ব দেবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামী শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে।
এর আগে বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
তিনি জানান, ৭ নভেম্বরের কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার রাজপথে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন এবং নেতৃত্ব দেবেন। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
মতবিনিময় সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন—এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।
এ ছাড়া আওয়ামী লীগের প্রতিষ্ঠার দায়িত্ব নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতাকর্মীদের সতর্ক ও শৃঙ্খলাবদ্ধভাবে অংশ নেওয়ার নির্দেশনা দেন বিএনপির এই নেতা।

