
দৈনিক রিপোর্ট ডেস্ক:
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকার কোনো অবস্থান জানাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না, সেটি সম্পূর্ণ তাঁর নিজস্ব সিদ্ধান্ত এবং এ বিষয়ে সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো করণীয় নেই।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ভূমিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন যা শোনা যাচ্ছে, তা কেবল গুঞ্জন। বাস্তবে যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত আসে, তখন বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো টেলিফোনে কথা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক বিধান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি যদি দায়িত্ব ছাড়তে চান, তাহলে তাঁকে নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর সংবিধানে নির্ধারিত প্রক্রিয়ায় পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।
অন্যদিকে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার একটি সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনার মাধ্যমে বিশ্বের পর্যটকদের জন্য কক্সবাজারকে আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার লক্ষ্য রয়েছে।
তিনি আরও বলেন, দেশের গভীর সমুদ্রসম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সুবিধা বাড়ানোর লক্ষ্যে সরকার আরও কয়েকটি বৃহৎ প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে।
