
দৈনিক রিপোর্ট ডেস্ক:
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে গুরুতর শারীরিক ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভিডিওটি বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
ভিডিওতে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের আটাদার গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন নামে এক ব্যক্তিকে সংসদ সদস্যকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় কথা বলতে এবং তাঁর চোখ উপড়ে ফেলার হুমকি দিতে দেখা যায়। বক্তব্যে তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নেতা মোতাহার হোসেন তালুকদারের নামও উল্লেখ করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহ বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে মোতাহার হোসেন তালুকদারকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
ভিডিওতে অভিযুক্ত ব্যক্তি আরও বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন এবং ভবিষ্যতে সংসদ সদস্য প্রকাশ্যে বক্তব্য দিলে তার পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেন।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত সোহরাব হোসেন বিএনপির একজন কর্মী হিসেবে পরিচিত। তবে ভিডিও প্রসঙ্গে তাঁর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ঘটনার বিষয়ে সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ বলেন, এলাকায় চাঁদাবাজি বন্ধ হওয়ায় একটি অসন্তুষ্ট গোষ্ঠী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি ব্যক্তিগতভাবে ভয় পাচ্ছেন না উল্লেখ করে বলেন, এ ধরনের হুমকি সমাজে বিভেদ ও অশান্তি সৃষ্টি করতে পারে। তাঁর দাবি, ভিডিওতে যেভাবে বক্তব্য দেওয়া হয়েছে, তাতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত হওয়া প্রয়োজন।
অন্যদিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, অভিযুক্ত ব্যক্তি দলের কোনো দায়িত্বশীল পদে নেই; সর্বোচ্চ একজন সমর্থক হতে পারেন। বিষয়টি জানার পরই ভিডিওটি সরিয়ে ফেলতে বলা হয়েছে। তিনি স্পষ্ট করেন, এ ধরনের বক্তব্য বা আচরণ তাঁর দল সমর্থন করে না এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীর সঙ্গে যোগাযোগ করে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের তারাকান্দা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ফয়েজী শনিবার বিকেলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
