
দৈনিক রিপোর্ট ডেস্ক:
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে বাধা দিয়ে ওই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরের দিকে দর্শনা সীমান্তের ৭৬/৪ এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, তাদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ এবং প্রায় পাঁচ বছর বয়সী একটি শিশু রয়েছে।
বিজিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই ধারণা পাওয়া গিয়েছিল যে, ভারতীয় সীমান্ত থেকে কয়েকজন বাংলা ভাষাভাষী ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হতে পারে। এ তথ্যের পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়।
পরে ভোর প্রায় ৪টার দিকে বিএসএফের ৩২ ব্যাটালিয়নের একটি টহল দল ওই পাঁচজনকে গেদে সীমান্তসংলগ্ন এলাকা থেকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি দ্রুত ঘটনাস্থলে অবস্থান নিয়ে কড়া প্রতিবাদ জানায়। এতে বিএসএফ সদস্যরা তাদের নিয়ে আবার ভারতীয় সীমান্তের দিকে ফিরে যায়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবিব হাসান বলেন, সীমান্ত দিয়ে পাঁচজনকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হয়েছিল। বিজিবির সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেই প্রচেষ্টা প্রতিহত করেছেন।
তিনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তজুড়ে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
