মৃত্যুর মাত্র চার দিন আগে জীবনের অনিশ্চয়তা নিয়ে কথা বলেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর। গোয়ার একটি অনুষ্ঠানে দেওয়া তাঁর সেই বক্তব্য এখন ভক্তদের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করেছে।
গত ৪ অক্টোবর গোয়ার ডোনা পাওলায় তাজ সিদাদে দে গোয়া হোটেলে সাম্রাট ক্লাব ইন্টারন্যাশনালের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নানা পাটেকর। সেটিই ছিল তাঁর শেষ প্রকাশ্য উপস্থিতি।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জীবনের অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে নানা পাটেকর বলেন, ‘আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে। আমি জানি না আগামীকাল আমি এখানে থাকব কি না।’
এর পর তিনি উপস্থিতদের উদ্দেশে প্রশ্ন রাখেন—মানুষ জীবনে যা করতে চায়, তা সত্যিই করতে পারছে কি না। নিজের জীবন ও কাজ নিয়ে মানুষকে ভাবারও আহ্বান জানান তিনি।
সেদিনের সেই বক্তব্যের মাত্র চার দিন পর, বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে নিজের গোয়ার বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হন নানা পাটেকর। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দেন। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর ঘোষণা দেন।
মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার জানান, ঘটনাটি মেডিকো-লিগ্যাল কেস হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং মরদেহের ময়নাতদন্ত করা হবে।
পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত নানা পাটেকর দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা অবস্থান তৈরি করেন। মৃত্যুর আগে তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ও রোমিও’।
নানা পাটেকরের শেষ প্রকাশ্য বক্তব্য এবং তাঁর আকস্মিক মৃত্যুতে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে গভীর শোক ও আবেগ।
তথ্যসূত্র: এনডিটিভি

