
দৈনিক রিপোর্ট ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক মাদক ব্যবসায়ীর ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক মণ দুধ দিয়ে গোসল করে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে আর কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়াবেন না এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান।
জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কলেজ বাজার এলাকার নিজ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আরমান নামে ওই ব্যক্তি দুধ দিয়ে গোসল করেন। এ সময় তাঁর মা-ও সেখানে উপস্থিত ছিলেন। পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে আরমানকে বলতে শোনা যায়, দীর্ঘদিন তিনি ভুল পথে চলেছেন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এখন নিজের ভুল উপলব্ধি করে এ পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে তিনি নিজে মাদক ব্যবসা করবেন না এবং অন্য কাউকেও এ কাজে উৎসাহিত করবেন না বলেও জানান। এমনকি এলাকায় কেউ মাদক ব্যবসায় জড়ানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ এর বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন। ভিডিওতে আরমানকে স্থানীয় মানুষের কাছে অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে এবং সৎভাবে জীবনযাপনের অঙ্গীকার করতেও দেখা যায়।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, আরমানকে বিভিন্ন সময় মাদক ব্যবসা থেকে সরে আসার জন্য পুলিশ বোঝানোর চেষ্টা করেছে। তিনিও ভিডিওটি দেখেছেন। তবে কেবল দুধ দিয়ে গোসল করার ঘটনায় তিনি সত্যিই মাদক ব্যবসা ছেড়ে দিয়েছেন—এমন সিদ্ধান্তে এখনই পৌঁছানো যাবে না।
ওসি আরও জানান, আরমানের বিরুদ্ধে মাদকসহ মোট ২৮টি মামলা রয়েছে। তাঁর কর্মকাণ্ড ভবিষ্যতেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। যদি তিনি সত্যিই অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসেন, তাহলে সেটি সমাজের জন্য ইতিবাচক বার্তা হবে।
