
দৈনিক রিপোর্ট ডেস্ক:মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান-সংঘাতে সৌদি আরবকে সম্পৃক্ত করার যেকোনো প্রচেষ্টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। একই সঙ্গে লোহিত সাগরে হুথি গোষ্ঠীর ঘোষিত নৌ অবরোধ এবং সৌদি আরব ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে দেওয়া হুমকির কঠোর সমালোচনা করেছে ইসলামাবাদ।
বুধবার (২২ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরব এবং লোহিত সাগর ব্যবহারকারী বাণিজ্যিক নৌযানের বিরুদ্ধে ধারাবাহিক হুমকি ও নিষেধাজ্ঞা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, লোহিত সাগরে নৌ চলাচলে বাধা সৃষ্টি হলে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও নৌপরিবহনের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাও এর নেতিবাচক প্রভাবের মুখে পড়তে পারে, যা আন্তর্জাতিক অর্থনীতির জন্য উদ্বেগজনক।
পাকিস্তান সরকার জানায়, বর্তমান আঞ্চলিক সংকটকে কেন্দ্র করে সৌদি আরবকে সংঘাতের মধ্যে টেনে আনার যেকোনো উদ্যোগ তারা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি আরও জটিল না করে সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বানও জানানো হয়েছে।
বিবৃতির শেষাংশে ইসলামাবাদ পুনরায় জানায়, ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সমৃদ্ধির প্রশ্নে পাকিস্তানের সমর্থন আগের মতোই দৃঢ় ও অব্যাহত থাকবে।
