যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জন্য সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ডেমোক্র্যাট নেতাদের নিয়মিত টেলিভিশনে উপস্থিতির সুযোগ দিয়ে রক্ষণশীল প্রার্থীদের নির্বাচনী অবস্থান দুর্বল করেছে সংবাদমাধ্যমটি।
বুধবার (৪ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। খবর আনাদোলু এজেন্সির।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘এই পরাজয়ের দায় ফক্স নিউজের। তারা ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট বিরোধীদের এবং আরও খারাপ বিষয়গুলোকে প্রচারের সুযোগ দিয়েছে।’
নিজের পোস্টে নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর নাম উল্লেখ করেও ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজ কেন ডি ব্লাসিওকে সম্প্রচারে আমন্ত্রণ জানিয়েছে এবং দেশ পরিচালনা নিয়ে পরামর্শ দেওয়ার সুযোগ দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ট্রাম্পের দাবি, মেয়রের দায়িত্ব ছাড়ার সময় ডি ব্লাসিওর ভাবমূর্তি ছিল প্রশ্নবিদ্ধ। এমন একজন ব্যক্তিকে ফক্স নিউজ কেন এত গুরুত্ব দিচ্ছে, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
নির্বাচনী প্রচারের পুরো সময়জুড়েই ফক্স নিউজের বিভিন্ন উপস্থাপক ও সম্পাদকীয় সিদ্ধান্তের সমালোচনা করে আসছেন ট্রাম্প। বিশেষ করে তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে সংবাদমাধ্যমটির কোনো কোনো বিশ্লেষক ও উপস্থাপকের মতপার্থক্য তৈরি হলে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে রিপাবলিকান পার্টি। ডেমোক্র্যাটরা সিনেটে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পাশাপাশি প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে।
এমন পরিস্থিতিতে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের জন্য আইন প্রণয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে। বিশেষ করে সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়নে ডেমোক্র্যাটদের বাধার মুখে পড়তে পারেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে, মধ্যবর্তী নির্বাচনের এই ফলাফল ট্রাম্প প্রশাসনের বাকি দুই বছরের রাজনৈতিক কার্যক্রমে বড় প্রভাব ফেলতে পারে।

