আগামী ২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন সরকারি ছুটি থাকবে। এ ছাড়া আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ১৪ দিন মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।
তবে এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) হওয়ায় কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন।
সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মতো আগামী বছরও ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটির কাঠামো অপরিবর্তিত থাকছে।
ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটি
আগামী বছর ঈদুল ফিতরের মূল দিন সাধারণ ছুটি থাকবে। এর আগে দুই দিন এবং পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। সব মিলিয়ে ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাঁচ দিন ছুটি পাবেন।
ঈদুল আজহায় ছয় দিন ছুটি
ঈদুল আজহার মূল দিন সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া ঈদের আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সব মিলিয়ে ঈদুল আজহায় ছুটি হবে ছয় দিন।
দুর্গাপূজায় দুই দিন ছুটি
শারদীয় দুর্গাপূজায় মহানবমীর দিন নির্বাহী আদেশে এবং বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি থাকবে। ফলে এ উৎসবেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই দিন ছুটি পাবেন।
অন্যদিকে, মন্ত্রিসভার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ছুটির ১৫ দিনের মধ্যে চার দিন এবং নির্বাহী আদেশের ১৪ দিনের মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
ফলে ২৯ দিনের সরকারি ছুটির মধ্যে সাত দিন শুক্রবার ও শনিবারে পড়েছে। সে হিসাবে সাপ্তাহিক ছুটি বাদে অতিরিক্ত কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন।
মন্ত্রিসভার অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী বছরের ছুটির তালিকা নিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের কথা রয়েছে।
২০২৭ সালের ছুটির হিসাব একনজরে
| ছুটির ধরন | ছুটির সংখ্যা |
|---|---|
| সাধারণ ছুটি | ১৫ দিন |
| নির্বাহী আদেশে ছুটি | ১৪ দিন |
| মোট সরকারি ছুটি | ২৯ দিন |
| সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে | ৭ দিন |
| কার্যকর ছুটি | ২২ দিন |
| ঈদুল ফিতর | ৫ দিন |
| ঈদুল আজহা | ৬ দিন |
| দুর্গাপূজা | ২ দিন |

