
দৈনিক রিপোর্ট ডেস্ক:
ঢাকায় যুবদল নেতা হাফিজুল বাবুর ওপর গুলিবর্ষণ এবং যুবদল নেতা ইউসুফ আলী হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।
শনিবার রাজধানীতে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
সমাবেশে নেতারা বলেন, হাফিজুল বাবুর ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে যুবদল নেতা ইউসুফ আলী হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি), সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা।
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে। তারা নিহত ইউসুফ আলীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
