রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার ক্যাম্পের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর আবাবিল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বাড়িতে রোপণের জন্য মোট ১৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের মতে, বিদ্যালয় প্রাঙ্গণের পাশাপাশি নিজ নিজ বাড়িতেও গাছ লাগানোর মাধ্যমে সবুজায়নের পরিধি আরও বিস্তৃত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন দিগন্ত ফাউন্ডেশন।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পরে দিগন্ত ফাউন্ডেশনের সদস্যদের সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকরা বিদ্যালয় প্রাঙ্গণে সম্মিলিতভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত গাছের পরিচর্যার আহ্বান জানান। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

দিগন্ত ফাউন্ডেশনের নেতারা জানান, ‘মানবতা, শিক্ষা আর নেতৃত্ব—একসাথে গড়ছি আগামীর দিগন্ত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি সমাজের উন্নয়ন ও জনকল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা এবং তরুণদের নেতৃত্ব বিকাশে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজ ও দেশের উন্নয়নে সচেতন, দায়িত্বশীল ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে স্থানীয় জনগণের অংশগ্রহণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


