নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া বক্তব্যের কারণে মানহানি হয়েছে দাবি করে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়া ও সংশ্লিষ্ট সংবাদ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যথায় দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানাতে গিয়ে দুদকের মুখপাত্র ও উপপরিচালক আকতারুল ইসলাম অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা বলেছিলেন। পরে তিনি ওই বক্তব্য থেকে সরে এসে ‘প্রাথমিক সত্যতা’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানান।
এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, দুদকের বক্তব্যের কারণে তাঁর যে মানহানি হয়েছে, সে জন্য ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে এবং দুদকের বরাত দিয়ে প্রকাশিত সংবাদগুলো প্রত্যাহার করতে হবে। তা না হলে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে জানান।
তিনি বলেন, “আমি দুদকের প্রতি আহ্বান জানাব, আমার যে মানহানি করা হয়েছে, সেটার জন্য ২৪ ঘণ্টার মধ্যে অ্যাপোলজি করবেন এবং আপনাদের বরাত দিয়ে যে খবরগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো প্রত্যাহার করবেন। অন্যথায় আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব, মানহানির মামলা করতে বাধ্য হব।”
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও পদায়নসংক্রান্ত অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক।
আসিফ মাহমুদ অবশ্য এসব অভিযোগের সঙ্গে প্রকৃত ঘটনার সামঞ্জস্য নেই বলে দাবি করেছেন। তিনি বলেছেন, আদালতের রায় বাস্তবায়ন এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়মিত প্রক্রিয়ার বিষয়গুলোকে দুর্নীতির অভিযোগ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
দুদকের অনুসন্ধান ও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট সব নথি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও নথি দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার কথাও জানান আসিফ মাহমুদ।

