নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি ও আর্থিক হয়রানির অভিযোগ নথিবদ্ধ করতে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁদাবিডি ডটকম’ (chandabd.com)। মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি চালুর তথ্য জানানো হয়।
চালুর কয়েক ঘণ্টার মধ্যেই প্ল্যাটফর্মটির পাবলিক লেজারে নয়টি অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগে মোট চাওয়া বা দেওয়া অর্থের পরিমাণ দেখানো হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৭০০ টাকা। প্রথম দিনে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ঢাকা বিভাগ থেকে।
জমা পড়া অভিযোগগুলোর মধ্যে টঙ্গী পৌরসভা কার্যালয়ে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ৫০০ টাকা চাওয়ার অভিযোগ রয়েছে। প্ল্যাটফর্মে ঘটনাটিকে ‘জোরপূর্বক অর্থ আদায়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
রাজধানীর মিরপুরের ৬০ ফুট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কাজের সময় এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও জমা পড়েছে। ওই ঘটনায় একজন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে চাঁদা চাওয়ার অভিযোগ করা হলেও, তাঁর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি এবং বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া পূর্ব শেওড়াপাড়ায় সড়ক উন্নয়নকাজের সময় পানি ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে তা পুনরায় সংযোগ দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা করে চাওয়ার অভিযোগ রয়েছে। পল্টন এলাকায় ময়লার বিলের নামে মাসে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগও জমা পড়েছে।
উদ্যোক্তারা জানান, বিদেশের বিভিন্ন নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে এবং ঘুষের অভিযোগ নথিবদ্ধ করার একটি প্ল্যাটফর্মের অভিজ্ঞতার ভিত্তিতে ‘চাঁদাবিডি ডটকম’ তৈরি করা হয়েছে।
পরিচয় গোপন রেখে অভিযোগ জানানোর সুযোগ
প্ল্যাটফর্মটিতে নাগরিকরা পরিচয় প্রকাশ না করেই চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, নির্মাণকাজ বা ব্যবসাকে কেন্দ্র করে অবৈধ অর্থ দাবির মতো ঘটনার তথ্য জানাতে পারবেন।
অভিযোগের সঙ্গে ঘটনার স্থান, সময়, ধরন, সংশ্লিষ্ট খাত, দাবিকৃত অর্থের পরিমাণ ও ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগ রয়েছে।
তবে উদ্যোক্তারা স্পষ্ট করেছেন, ওয়েবসাইটে জমা পড়া তথ্যকে আদালতগ্রাহ্য প্রমাণ, তদন্তের ফলাফল বা যাচাইকৃত অপরাধ হিসেবে বিবেচনা করা যাবে না। এটি মূলত নাগরিকদের অভিজ্ঞতার একটি উন্মুক্ত নথি, যার মাধ্যমে কোন এলাকা বা খাতে এ ধরনের অভিযোগ বেশি আসছে, সে বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া যাবে।
ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ এবং ব্যক্তিগত যোগাযোগের তথ্য প্রকাশ ঠেকাতে অভিযোগ প্রকাশের আগে তা মডারেশনের আওতায় আনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
‘চাঁদাবিডি ডটকম’ কর্তৃপক্ষের দাবি, কাউকে অপমান বা অপরাধী হিসেবে চিহ্নিত করা নয়; বরং নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করা, জনসচেতনতা বাড়ানো এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে সমস্যার ধরন তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
