নিজস্ব প্রতিবেদক | খুলনা

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রাকিব খান (২৭) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে জেলখানা ঘাট ও সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জেলখানা ঘাট থেকে সেনেরবাজার ঘাটের দিকে যাত্রী নিয়ে একটি ট্রলার যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে খুলনার দিকে আসা একটি ফেরির সঙ্গে মাঝনদীতে ট্রলাটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রলারটি নদীতে ডুবে যায়।

ট্রলারটিতে দুর্ঘটনার সময় প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর আশপাশের নৌযান, স্থানীয় লোকজন, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। অনেক যাত্রী অন্য নৌযানে উঠে ও সাঁতরে তীরে পৌঁছান।

তবে রাকিব খানের সন্ধান পাওয়া যায়নি। তাঁর স্বজনেরা জানান, রাকিব পেশায় বিউটিশিয়ান এবং সেনেরবাজার এলাকার বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যার পর তিনি খুলনা শহরে গিয়েছিলেন। রাতে বন্ধুদের সঙ্গে থাকার পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন হাসপাতালেও তাঁর সন্ধান করা হয়েছে।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, নিখোঁজ একজনের বিষয়ে রাতে তথ্য পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা কাজ করছেন।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মাসুদ সরদার জানান, নদীতে স্রোত বেশি থাকায় ডুবে যাওয়া ট্রলারটি তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয় কয়েকজন অভিযোগ করেছেন, জেলখানা ঘাটে যাত্রী পারাপারে পর্যাপ্ত শৃঙ্খলা নেই এবং অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রলার চলাচল করে। তাঁদের দাবি, এর আগেও ওই এলাকায় দুর্ঘটনা ঘটেছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version