বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের জন্য তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ৩ নভেম্বর থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে দীপকে বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
যেভাবে নিখোঁজ হন তাহসিফ
মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
দুই দফা রিমান্ডে দীপ
তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারের পর দীপকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
দুই দফা রিমান্ড শেষে এবার তৃতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। একই মামলায় গ্রেপ্তার এক তরুণীও দ্বিতীয় দফায় রিমান্ডে রয়েছেন।
তদন্তসংশ্লিষ্টদের আশা, দীপকে আরও জিজ্ঞাসাবাদ করলে তাহসিফের মৃত্যুর পেছনের ঘটনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
তবে তৃতীয় দফার রিমান্ড আবেদনের বিষয়ে আদালতের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
