কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ওপর হার্ডিঞ্জ সেতুর পিলারে বাল্কহেডের ধাক্কায় নদীতে পড়ে ছাত্রদলের এক নেতা নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাতের এ দুর্ঘটনার পর শনিবার সকাল ৯টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আরও দুজন নদীতে পড়ে গেলেও পরে তাঁদের উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তির নাম রাকিবুজ্জামান রকি (৩২)। তিনি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব।
স্থানীয় প্রশাসন ও নৌযানে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাটলাগাড়ী এলাকার ১২৩ জনের একটি দল বাল্কহেডে করে ভেড়ামারার গোলাপনগর এলাকায় বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে রাত প্রায় ৯টার দিকে তাঁরা হার্ডিঞ্জ সেতু এলাকায় পৌঁছান।
এ সময় প্রবল স্রোতে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে তিনজন নদীতে পড়ে যান।
পরে অন্য যাত্রীরা লিটন ও ওয়াহাব নামে দুজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তাঁরা সুস্থ আছেন। তবে রাকিবুজ্জামান নিখোঁজ রয়েছেন।
দুর্ঘটনার পর থেকেই তাঁর সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিস ও নৌ পুলিশসহ বিভিন্ন ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।
রাকিবুজ্জামানের বন্ধু আনিসুজ্জামান বলেন, রাকিবুজ্জামান পানিতে পড়ে গেলে তিনি তাঁকে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। তাঁর ভাষ্য, রাকিবুজ্জামান ভালো সাঁতার জানেন। তাই তাঁরা আশা করছেন, তিনি ফিরে আসবেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান জানান, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসসহ একাধিক ইউনিট রাকিবুজ্জামানকে উদ্ধারে কাজ করছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত বলেন, রাতে উদ্ধার অভিযান চালানো কিছুটা কঠিন ছিল। তবে বিভিন্ন ইউনিট রাকিবুজ্জামানকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
