দৈনিক রিপোর্ট ডেস্ক:
বন্যার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা বর্তমান নির্ধারিত পরীক্ষাসূচি শেষ হওয়ার পর নেওয়া হবে এবং এ জন্য পৃথক সময়সূচি পরে প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এর আগে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের চলমান এইচএসসি ও সমমানের সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছিল, বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় পরীক্ষাকেন্দ্রে যাতায়াতে সৃষ্ট দুর্ভোগ এবং সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবশিষ্ট পরীক্ষাগুলো বন্ধ রাখা হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষাগুলো চলবে। আর বন্যার কারণে যেসব পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে প্রকাশ করবে শিক্ষা বোর্ড।
উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় থাকা পাঁচটি জেলা হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এসব জেলার পরীক্ষার্থীদের জন্যই স্থগিতাদেশ কার্যকর হয়েছিল।
