
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর-১০ এলাকায় অবৈধ অটোরিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে পুলিশ ও ট্রাফিক বিভাগ। রোববার বিকেল পাঁচটার দিকে এ অভিযান চালানো হয়।
দীর্ঘদিন ধরে মিরপুর-১০ গোলচত্বর ও আশপাশের এলাকায় সড়কের পাশে অবৈধভাবে অটোরিকশা দাঁড় করিয়ে রাখা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে যানজট ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। অভিযানে এসব অবৈধ অটোরিকশা সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাত দখলকারীদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়।

অভিযানে পুলিশ সদস্যদের পাশাপাশি ট্রাফিক সার্জেন্টরা অংশ নেন। এ সময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট কমানো এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
