
দৈনিক রিপোর্ট ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই ২০২৬ থেকে পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুরু হবে’—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া। ওই বিজ্ঞপ্তির সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সম্পর্ক নেই।
কমিটি জানিয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষা-সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর সরকারি ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাই পরীক্ষা-সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে অবশ্যই সরকারি উৎস থেকে তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া জনস্বার্থে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা শেয়ার না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
