নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে টানা তিন দিন দাম কমার পর আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা হয়েছে।
বাজুস রোববার (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে। ওই দিন সকাল ১০টা থেকে নির্ধারিত নতুন দাম কার্যকর হয়। ফলে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দেশের সব জুয়েলারি দোকানে ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
সংগঠনটি আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতার কাছ থেকে এর বাইরে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে।
এ ছাড়া স্বর্ণ ও রুপার অলংকারের বিনিময় ও বিক্রয়ের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মগুলো বহাল থাকবে। এসব ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য প্রযোজ্য নিয়ম অনুযায়ী হিসাব করা হবে।
নতুন সিদ্ধান্ত পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।

