ক্রীড়া প্রতিবেদক
জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। চ্যালেঞ্জার পুলে নিজেদের শেষ ম্যাচে হংকংকে ৬-০ গোলে হারিয়ে অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।
চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই হংকংয়ের ওপর চাপ তৈরি করে বাংলাদেশ। এর ফলও আসে দ্রুত। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন।
দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে বাংলাদেশ। ১৯ মিনিটে দুর্দান্ত ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইরিন আক্তার রিয়া। এরপর ২৬ মিনিটে কোনা আক্তার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আরও দুই গোল আসে। ৩১ মিনিটে মোছাম্মৎ লিমা গোল করে ব্যবধান ৪-০ করেন। মাত্র দুই মিনিট পর ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের হয়ে পঞ্চম গোলটি করেন ইরিন রিয়া।
শেষ কোয়ার্টারেও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের ৪৮ মিনিটে আবারও গোল করেন লিমা। তার দ্বিতীয় গোলে ৬-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
চ্যালেঞ্জার পুলে চার ম্যাচে চার জয় পেয়েছে বাংলাদেশ। ফলে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব শেষ করেছে দলটি।
বাংলাদেশের সঙ্গে চ্যালেঞ্জার পুল থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে কাজাখস্তান ও পাকিস্তান। অন্যদিকে এলিট পুল থেকে স্বাগতিক চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া শেষ আটে জায়গা করে নিয়েছে।
সব মিলিয়ে জুনিয়র নারী এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আট দল।

