নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে কোনো ধরনের কলঙ্ক বিএনপি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও দলীয় প্রভাবমুক্ত করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনগুলো জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করছে।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন গ্রহণযোগ্য করতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। প্রয়োজন হলে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ক্ষেত্রেও সহযোগিতা করবে সরকার বলে জানান তিনি। তবে সেনা মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
তিনি আরও বলেন, জনগণ যেন সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। নির্বাচন ঘিরে কোনো ধরনের প্রশ্ন বা বিতর্ক তৈরি হোক, তা সরকার বা বিএনপি কেউই চায় না বলে তিনি মন্তব্য করেন।
গাইবান্ধায় নিজের দায়িত্বের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী প্রতিটি জেলার সুষম উন্নয়নের জন্য মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বের অংশ হিসেবে তিনি গাইবান্ধায় এসেছেন এবং স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানান।
মতবিনিময় অনুষ্ঠানে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মাইনুল হাসান, সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী জেলা আইনশৃঙ্খলা কমিটি ও জেলা সমন্বয় কমিটির পৃথক সভায় অংশ নেন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি ও কমিশনের পরিকল্পনা সামনে আসায় আগামী নির্বাচনের সময়সূচি ও ব্যবস্থাপনা নিয়ে আরও আলোচনা তৈরি হয়েছে।
