স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন লিওনেল স্কালোনি। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি প্রীতি ম্যাচ খেলবে। এই সিরিজেই লিওনেল মেসিকে বিদায় জানানোর সম্ভাবনা রয়েছে।
আর্জেন্টিনার দায়িত্বে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাননি স্কালোনি। তবে তিনি বলেছেন, “আমরা চেষ্টা করব, থাকি বা না থাকি—সেটিই গুরুত্বপূর্ণ নয়।”
২০২৬ সালের শেষ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির থাকা নিশ্চিত। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) তাঁকে অন্তত ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখতে আগ্রহী। তবে স্কালোনি নিজে এখনো ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির দলে বেশ কয়েকজন নতুন মুখকে সুযোগ দিয়েছেন স্কালোনি। তরুণদের সুযোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। জাতীয় দলের খেলার ধরনে মানিয়ে নিতে পারে—এমন তরুণদের সামনে এগিয়ে দেওয়াই এখন তাঁদের অন্যতম লক্ষ্য।
স্কালোনির মতে, খেলোয়াড় বাছাইয়ে বয়স প্রধান বিষয় নয়। ক্লাবের হয়ে পারফরম্যান্স এবং জাতীয় দলে তাদের প্রয়োজনীয়তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি ২০২৪ সালের কোপা আমেরিকার পরের সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতিরও তুলনা করেছেন। সে সময় টানা সাফল্যের পর বিশ্বকাপের আগে দল কতটা প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে পারবে, তা নিয়ে তাঁর মধ্যেও কিছুটা সংশয় ছিল। তবে পরে দল সেই চ্যালেঞ্জ সামলাতে সক্ষম হয়।
২০২৬ বিশ্বকাপের প্রসঙ্গেও স্কালোনি জানান, এবারের আসরে দলের অনেক খেলোয়াড় পুরোপুরি ফিট ছিলেন না। তারপরও তাদের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তাঁর মতে, আগের চেয়ে এবার খেলোয়াড় বাছাই ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
স্কালোনি আরও বলেন, আট বছর ধরে যারা জাতীয় দলের জন্য নিজেদের উজাড় করে দিয়েছেন, তাদের ওপর আস্থা রাখা গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, একজন ফুটবলারের চেয়েও মানুষ হিসেবে খেলোয়াড়দের গুরুত্ব বেশি।

