নিউইয়র্ক, ২৩ আগস্ট ২০২৬: স্বয়ংচালিত রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। আগামী ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রচারণামূলক এক ছবিতে টেসলা সাইবারক্যাবের উদ্বোধন উপলক্ষে অস্টিনে একটি বিশেষ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য লটারির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের ‘এক্সক্লুসিভ অ্যাকসেস’ দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০২৪ সালের অক্টোবরে প্রথমবার সাইবারক্যাবের ধারণা প্রকাশ করে টেসলা। সোনালি রঙের এই গাড়িতে দুইজন যাত্রী বসতে পারবেন। টেসলার অন্যান্য গাড়ির তুলনায় এর বড় বৈশিষ্ট্য হলো এতে কোনো স্টিয়ারিং হুইল বা অ্যাক্সিলারেটর-ব্রেক প্যাডেল নেই।
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক তখন জানিয়েছিলেন, ২০২৭ সালের আগেই সাইবারক্যাবের উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে। গাড়িটির দাম ৩০ হাজার ডলারের নিচে রাখার লক্ষ্যও জানিয়েছিলেন তিনি।
প্রযুক্তিবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেসলার কর্মীদের জন্য প্রথমে অস্টিনের রাস্তায় সাইবারক্যাব চালানো হতে পারে। এরপর এগুলো টেসলার ‘রোবোট্যাক্সি’ সেবায় যুক্ত করা হবে।
সম্প্রতি অস্টিনে বিভিন্ন পার্কিং এলাকায় একাধিক সাইবারক্যাব দেখা যাওয়ার পর গাড়িটির উদ্বোধন ঘিরে আলোচনা আরও বেড়েছে।
এর আগে গত বছর টেসলা অস্টিনে মডেল ওয়াই এসইউভি ব্যবহার করে স্বয়ংচালিত রোবোট্যাক্সি সেবা চালু করে। পরে টেক্সাস, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার আরও কয়েকটি শহরে এ সেবা সম্প্রসারণ করা হয়।
তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, অনেক স্বয়ংচালিত গাড়িতে জরুরি পরিস্থিতিতে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মানব তত্ত্বাবধায়ক বা চালক রাখা বাধ্যতামূলক।
টেসলার পাশাপাশি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের স্বয়ংচালিত গাড়ি প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েমোও যুক্তরাষ্ট্রের ১১টি শহরে রোবোট্যাক্সি সেবা পরিচালনা করছে।

