সুন্দরবনে ডাকাতির প্রস্তুতি নেওয়া একটি দলের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার রাতে বাগেরহাটের মোংলা থানার শেলা নদী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে ছয়টি একনলা বন্দুক, তিনটি এয়ারগান, একটি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্টাফ অফিসার (অপারেশনস) লে. কমান্ডার শওকত আহম্মদ এসব তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার জানা যায়, একটি ডাকাত দল শেলা নদী এলাকার কাছে অবস্থান করছে। পরে রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল সেখানে অভিযান চালায়।
সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ার পর ওই এলাকায় তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রী মোংলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

