ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্লেট প্রতিযোগিতার শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে সিশেলসকে ৪-২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
বুধবার (২৮ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে শেষ বত্রিশের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও সিশেলস। ৪০ মিনিটের নির্ধারিত খেলায় শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয় দুই দলের মধ্যে।
রাতুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ
ম্যাচের ২৮তম মিনিটে রাতুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে শেষ দিকে গোল করে সমতায় ফেরে সিশেলস। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
স্নায়ুচাপের সেই লড়াইয়ে নিজেদের দক্ষতার প্রমাণ দেয় বাংলাদেশের যুবারা। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে প্লেট প্রতিযোগিতার শেষ ষোলো নিশ্চিত করে দলটি।
ছয় ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় জয়
চলতি প্রতিযোগিতায় ছয় ম্যাচ খেলে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। শুরুতে গ্রুপ পর্বে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশের কিশোররা। এরপর পর্তুগালের কাছে ৩-১ গোলে হারের পর ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি।
পরের ম্যাচে বুরুন্ডির কাছে ২-০ গোলে হারলেও শেষ গ্রুপ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে পরাজিত করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস সিশেলসের বিপক্ষে নকআউট লড়াইয়েও কাজে লাগিয়েছে বায়েজিদ-রাতুলরা। এবার শেষ ষোলোতে নিজেদের জয়যাত্রা ধরে রাখার লক্ষ্য নিয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নেবে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

