দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে ঘিরে একসময় ছড়িয়ে পড়েছিল গোপনে বিয়ে করার গুঞ্জন। তবে এর পেছনে ছিল তাঁর বোন পূজার বিয়ের প্রস্তুতি। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে বোনের বিয়ের স্মৃতিচারণ করতে গিয়ে এ বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী।
জগপতি বাবুর সঙ্গে ‘জয়ম্মু নিশ্চয়ম্মু রা’ অনুষ্ঠানের দ্বিতীয় মৌসুমে হাজির হয়ে সাই পল্লবী জানান, বোনের বিয়ের জন্য পোশাক কেনাকাটা করতে গিয়েই তাঁকে ঘিরে এমন গুঞ্জন তৈরি হয়েছিল।
বোনের পোশাক পরখ করতে গিয়েই বিপত্তি
সাই পল্লবী জানান, বোন পূজার বিয়ের জন্য বিভিন্ন লেহেঙ্গা ও পোশাক বাছাই করতে গিয়ে তিনি নিজেই সেগুলো পরে দেখতেন। দোকানে গিয়ে বিয়ের পোশাক দেখতে চাওয়ায় অনেকেই ধারণা করেছিলেন, নিজের বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, পোশাক পরখ করার বিষয়টি থেকেই গোপনে বিয়ে করার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ কারণে তাঁকে বিষয়টি আড়ালে রাখতেও হয়েছিল।
বোনের বিয়ের সব দায়িত্ব সামলেছিলেন সাই পল্লবী
অনুষ্ঠানে পূজার একটি রেকর্ড করা বার্তাও প্রচার করা হয়। সেখানে বোনের বিয়ের প্রস্তুতিতে সাই পল্লবীর ভূমিকার প্রশংসা করেন তিনি।
পূজা জানান, বিয়ের মাত্র ১০ দিন আগে অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরেছিলেন তিনি। ফলে বিয়ের আয়োজনের প্রায় সব দায়িত্বই সামলাতে হয়েছিল সাই পল্লবীকে।
বিয়ের সাজসজ্জা, শাড়ি ও অন্যান্য পোশাক কেনাকাটাসহ বিভিন্ন কাজে বোনকে সহযোগিতা করেন অভিনেত্রী। বিভিন্ন দোকানে গিয়ে পোশাকের নকশা ও বিকল্প দেখতেন, সেগুলোর ছবি তুলে পূজাকে পাঠাতেন।
পূজার ভাষ্য অনুযায়ী, বিয়ের আয়োজন নিয়ে কোনো আত্মীয়ের কথায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়লে সাই পল্লবী পরিস্থিতি সামলে নিতেন। বোন যেন বিয়ের পুরো আয়োজন উপভোগ করতে পারেন এবং বাড়তি চাপ অনুভব না করেন, সেটিই ছিল অভিনেত্রীর মূল লক্ষ্য।
‘রামায়ণ’ সিনেমা নিয়েও ব্যস্ত সাই পল্লবী
ব্যক্তিগত জীবনের এই স্মৃতিচারণের পাশাপাশি বর্তমানে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন সাই পল্লবী। ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর এবং রাবণের ভূমিকায় অভিনয় করছেন যশ।
এ ছাড়া ধানুশ ও মাম্মুট্টির সঙ্গে ‘ওম: চ্যাপ্টার ১—উধিরাম: দ্য ব্লাড উড’ সিনেমাতেও কাজ করছেন এই অভিনেত্রী।

