নিজস্ব প্রতিবেদক
ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদে আরও পাঁচটি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে পানি সম্পদ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত দুটি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ নিয়ে জাতীয় সংসদের মোট ৫০টি কমিটির মধ্যে ৪৫টি গঠিত হলো।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি পাঁচটি নতুন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদন করা হয়।
নতুন গঠিত পাঁচটি কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন যারা—
সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি: সভাপতি হয়েছেন নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি: সভাপতি হয়েছেন গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন।
রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি: সভাপতি হয়েছেন খুলনা-৫ আসনের মোহাম্মদ আলী আসগার।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি: সভাপতি হয়েছেন নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি: সভাপতি হয়েছেন গাজীপুর-৩ আসনের এস এম রফিকুল ইসলাম।
এ ছাড়া পুনর্গঠিত দুটি কমিটির মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে রয়েছেন রাজশাহী-৩ আসনের মোহাম্মদ শফিকুল হক মিলন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে রয়েছেন টাঙ্গাইল-৭ আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী।
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক সংসদীয় কমিটি। মঙ্গলবারের পাঁচটি নতুন কমিটি নিয়ে এ পর্যন্ত মোট ৪৫টি কমিটি গঠিত হয়েছে।

