স্পোর্টস ডেস্ক
অকল্যান্ডে একটি প্রচারণামূলক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। নিরাপত্তার জন্য রাখা ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে গিয়ে তাঁর ডান কাঁধের হাড় স্থানচ্যুত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রাথমিক পরীক্ষায় বড় ধরনের কোনো সমস্যা ধরা পড়েনি। তবে কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনই নিশ্চিত নয়। পুনর্বাসনের প্রথম কয়েক সপ্তাহে তাঁর শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণের পর ফেরার সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী ২২ অক্টোবর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। এই সিরিজের দল আগামী সপ্তাহে ঘোষণা করার কথা রয়েছে। এর আগে রাচিনের চোটের কারণে ভারতের বিপক্ষে তাঁর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন তাদের মূল লক্ষ্য রাচিন যেন ভালোভাবে সেরে উঠে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারেন।
শুটিংয়ের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, খেলোয়াড়দের বাণিজ্যিক শুটিংয়ের কার্যক্রম আগে থেকেই প্রয়োজনীয় সম্মতিতে ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেই আয়োজন করা হয়। তবে ঘটনাটি অপ্রত্যাশিত দুর্ঘটনা হওয়ায় ভবিষ্যতে এ ধরনের আয়োজনের নিরাপত্তাব্যবস্থা আরও পর্যালোচনা করা হবে।
রাচিনকে দ্রুত মাঠে ফেরানোর ঝুঁকি নিতে চান না নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টারও। তিনি জানান, আগামী ছয় মাসে দলের ব্যস্ত টেস্ট সূচি রয়েছে। তাই প্রয়োজনের আগে রাচিনকে ফেরানোর কোনো তাড়া নেই। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তাঁকে দলে ফেরানোর পরিকল্পনা রয়েছে।

