মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট) ঘোষণা হওয়ার কথা রয়েছে। প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং তাঁর করা আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করা হয়।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৫ আগস্ট রায় ঘোষণার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পর তা পিছিয়ে ৩১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়।
২০২৫ সালের ৫ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার বিচার শেষে ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়।
হাইকোর্টে গত ১১ আগস্ট থেকে মামলাটির অগ্রাধিকার ভিত্তিতে শুনানি শুরু হয় এবং ২৪ আগস্ট শুনানি শেষ হয়। এখন বহুল আলোচিত এ মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, সেটিই দেখার বিষয়।

