রাশিয়া ও ইউক্রেনের পালটাপালটি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শনিবার দুই দেশের কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।
ইউক্রেন জানিয়েছে, রুশ হামলায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি, জাপোরিঝঝিয়া ও দিনিপ্রোপেত্রোভস্ক এলাকায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দিনিপ্রোপেত্রোভস্কের ১৭ বছর বয়সী এক কিশোরীও রয়েছে। কিয়েভেও হামলায় কয়েকজন আহত হয়েছেন। এর আগের দিন রাজধানীতে রুশ হামলায় সাতজন নিহত হন।
অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের হামলায় ক্রাসনোদার ও বেলগোরোদ অঞ্চলে চারজন নিহত হয়েছেন। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকায়ও হামলায় হতাহতের খবর পাওয়া গেছে।
খেরসন অঞ্চলে মস্কো-সমর্থিত কর্মকর্তা ভ্লাদিমির সালদো দাবি করেছেন, ক্রিমিয়ার কাছে আস্কানিয়া-নোভা গ্রামের একটি ক্যাফেতে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুই তরুণীসহ তিনজন নিহত হয়েছেন। একইভাবে রাশিয়া-নিযুক্ত জাপোরিঝঝিয়া অঞ্চলের কর্মকর্তা ইয়েভগেনি বালিৎস্কি জানিয়েছেন, রাতের হামলায় দখলকৃত এলাকায় আরও তিনজন নিহত হয়েছেন।
রাশিয়ার ইউক্রেন অভিযান শুরুর পর ২০২২ সালের পর এ বছর অঞ্চলটি সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম পার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যেই মস্কো ও কিয়েভ উভয় পক্ষই হামলার মাত্রা বাড়িয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবরও এসেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ বন্ধে আলোচনা চললেও এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি চুক্তির সম্ভাবনার কথা বলেছেন। তবে হামলা-পালটা হামলা অব্যাহত থাকায় যুদ্ধ বন্ধের পথ এখনো অনিশ্চিত।

