মোটরসাইকেলের সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করেছে সরকার। এ জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নির্ধারিত মাপ অনুযায়ী নম্বর প্লেট সংযোজন করতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ এ নির্দেশনার কথা জানায়।
নম্বর প্লেটের মাপ কেমন হবে?
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বর প্লেটের মাপ আলাদা হবে।
স্কুটারের ক্ষেত্রে:
- নম্বর প্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে।
- অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে:
- নম্বর প্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে।
- অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নম্বর প্লেট তৈরিতে যেসব নিয়ম মানতে হবে
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামনের নম্বর প্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। প্লেটের পটভূমি সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে।
ম্যানুয়াল নম্বর প্লেটে অতিরিক্ত নকশা বা সৌন্দর্যবর্ধক কিছু ব্যবহার করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে প্রদর্শন করা যাবে। উদাহরণ হিসেবে বিজ্ঞপ্তিতে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২১২’ ধরনের নম্বর বিন্যাস উল্লেখ করা হয়েছে।
আইন ও বিধিমালা অনুযায়ী নির্দেশনা
বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষ অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব প্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে।
এবার পেছনের নম্বর প্লেটের পাশাপাশি মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ অনুসরণ করে সামনের নম্বর প্লেট লাগানোর ব্যবস্থা করতে বলা হয়েছে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বরের মধ্যে নম্বর প্লেট সংযোজন করে তা প্রদর্শন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

