
দৈনিক রিপোর্ট ডেস্ক:
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
ডিএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে একটি ছাতার ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করে। পরে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকটি শনাক্ত করে সফলভাবে নিষ্ক্রিয় করে। এ সময় নিরাপত্তার স্বার্থে সড়কটিতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, উদ্ধার হওয়া বস্তুটি আইইডি ধরনের বিস্ফোরক ছিল। এটি নিরাপদে অপসারণ ও নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এটি সেখানে রেখে গেছে, তা শনাক্তে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বোমাটি নিষ্ক্রিয় করার সময় নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটানো হলে বিকট শব্দ শোনা যায়।
এ বিষয়ে মেট্রোরেল পুলিশের (এমআরটি) কর্মকর্তারা জানান, বিস্ফোরকটি মেট্রোরেল স্টেশনের নিচের সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার কারণে কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ রাখা হলেও মেট্রোরেলের চলাচল পুরো সময় স্বাভাবিক ছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।