চট্টগ্রাম নগরের বিবিরহাট কাঁচাবাজার এলাকায় এক বৃদ্ধের গলায় ঝোলানো ব্যাগ ছিনিয়ে নিয়ে অটোরিকশায় পালিয়েছেন দুই ব্যক্তি। পুরো ঘটনাটি ঘটেছে মাত্র ১২ সেকেন্ডে। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ব্যাগ উদ্ধারে তাঁদের পেছনে ছুটতেও দেখা যায় ওই বৃদ্ধকে।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানার আওতাধীন বিবিরহাট কাঁচাবাজারের ১ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের দৃশ্যটি এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। শনিবার সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গলায় ব্যাগ ঝুলিয়ে গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় সামনে থেকে দুই ব্যক্তি তাঁর দিকে এগিয়ে আসেন। তাঁদের পেছনে ছিল একটি অটোরিকশা। বৃদ্ধের কাছাকাছি পৌঁছেই তাঁরা তাঁর গলার ব্যাগটি টান দিয়ে ছিনিয়ে নেন। এরপর দ্রুত অটোরিকশায় উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বৃদ্ধ তাঁদের পেছনে ছুটলেও ছিনতাইকারীদের আটকাতে পারেননি।
শনিবার বেলা দেড়টা পর্যন্ত ভুক্তভোগী বৃদ্ধের পরিচয় জানা যায়নি। তাঁর ব্যাগে কী ছিল, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, তিনি সিসিটিভি ফুটেজটি দেখেছেন। এরপর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ভুক্তভোগী বৃদ্ধ ও ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় তখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।
