নিজস্ব প্রতিবেদক
হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, কথিত মিথ্যা ফতোয়া, হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে হেযবুত তওহীদ ওলামা ফোরাম।
বুধবার অনুষ্ঠিত এই মানববন্ধনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, বিভিন্ন স্থানে হেযবুত তওহীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও কুৎসা ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধে আলেম সমাজের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
হেযবুত তওহীদ ওলামা ফোরামের সভাপতি মাওলানা মুহাম্মদ মহিবুর রহমানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা মোশারফ হোসেন নাটোরী, মাওলানা রুহুল আমিন মুন্সি, হাফেজ মোহাম্মদ আইয়ুব, মাওলানা মেহেদী হাসান সাগর, মাওলানা আব্দুল মুনয়িম ও মাওলানা গাজী শাহিনুল হাসান আইনুদ্দিনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
আলেমদের দায়িত্ব নিয়ে যা বললেন বক্তারা
মানববন্ধনে বক্তারা বলেন, আলেমদের মূল দায়িত্ব সত্য তুলে ধরা এবং সমাজকে ন্যায় ও কল্যাণের পথে ঐক্যবদ্ধ করা। তাদের অভিযোগ, একশ্রেণির আলেম বিভক্তির কারণে সমাজের বৃহত্তর কল্যাণে কাজ না করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে হেযবুত তওহীদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন।
বক্তাদের অভিযোগ, কোথাও কোথাও জুমার খুতবা ও ধর্মীয় সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং মনগড়া তথ্য প্রচার করা হচ্ছে। এতে মানুষের মধ্যে সংগঠনটি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে তারা দাবি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ
মানববন্ধনে বক্তারা নারী অধিকার ও মানবিক মর্যাদার বিষয়ও তুলে ধরেন। তাদের দাবি, হেযবুত তওহীদের নারী সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে।
এ ধরনের মন্তব্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বক্তারা বলেন, মতপার্থক্য থাকলেও কারও বিরুদ্ধে মিথ্যা তথ্য, ব্যক্তিগত আক্রমণ বা বিদ্বেষমূলক প্রচার গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

