
দৈনিক রিপোর্ট ডেস্ক:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে তিন ছাত্রদল কর্মীর ওপর হামলা ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন পশ্চিম বালিগাঁও এলাকার ইমন মিয়া, সাদমিন মিয়া ও কবিরুল ইসলাম। স্থানীয় সূত্র জানায়, কয়েকজন ছাত্রদল কর্মী অটোরিকশাযোগে ধোবাউড়া সদরের একটি দলীয় মিছিলে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল ব্যক্তি তাদের গাড়ির গতি রোধ করে জোরপূর্বক নামিয়ে মারধর শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, হামলার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইমন মিয়ার পেটে আঘাত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে সাদমিন মিয়া ও কবিরুল ইসলামও হামলার শিকার হন এবং তারাও ছুরিকাঘাত ও মারধরে আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ইমন ও সাদমিনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত কবিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেন।
ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) শাকিব হাসান জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে। আহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
