নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর
মাদারীপুর সদর উপজেলায় নিজ বাড়িতে ইভি আক্তার (১৮) নামের এক তরুণীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইভি আক্তার একই এলাকার আসলাম শরীফের মেয়ে এবং শরীয়তপুরের বাসিন্দা ও কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক অভাবের কারণে ইভি ছোটবেলা থেকেই তাঁর মামা কালাম শরীফের বাড়িতে থাকতেন। প্রায় এক বছর আগে ফেরদৌসের সঙ্গে তাঁর বিয়ে হয়। সম্প্রতি ফেরদৌস কাতারে যাওয়ার পর ইভি আবার মামার বাড়িতে অবস্থান করছিলেন।
ঘটনার সময় ইভি বাড়িতে একাই ছিলেন। তাঁর মামা কালাম শরীফ নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন এবং তাঁর স্ত্রী চিকিৎসকের কাছে মাদারীপুর শহরে গিয়েছিলেন। পরে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে কালাম শরীফ ইভিকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে একটি আইফোনও নিয়ে যাওয়ার তথ্য জানিয়েছে পরিবার।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এটি চুরির উদ্দেশ্যে ঘটানো হয়েছে কি না, নাকি এর পেছনে ব্যক্তিগত কোনো কারণ রয়েছে—সেটিও তদন্ত করা হচ্ছে।
বুধবার সকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

