কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগের চার দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গোলাপনগর এলাকা থেকে ফকিরাবাদ বখশিপাড়ার বাড়িতে ফিরছিলেন ওই তরুণী। পথে এক মোটরসাইকেল আরোহী তাঁর গতিরোধ করে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
পরিবার ও স্থানীয়দের ধারণা, পরে তাঁকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে ৪ থেকে ৫ জনের একটি দল দলবদ্ধভাবে ধর্ষণ করে। এরপর ওই দিন দিবাগত রাত ১২টার দিকে বখশিপাড়ার একটি নির্জন মোড়ে তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
রাত সাড়ে ১২টার পর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ১টার দিকে তাঁকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ওই রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রামেক হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তরুণীর মৃত্যুর ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

