গেম ডেস্ক
ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের অনুষ্ঠান এবার আর প্যারিসে হচ্ছে না। ২৬ অক্টোবর ইংল্যান্ডের লন্ডনে বসবে এবারের জমকালো পুরস্কার অনুষ্ঠান। এ বছর ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকীও উদযাপন করা হবে।
পুরুষ ও নারী বিভাগে ৩০ জন করে খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের মাধ্যমে শুরু হবে এবারের আয়োজন। এরপর ভোটের মাধ্যমে নির্বাচিত হবে বিজয়ী। পাশাপাশি বর্ষসেরা দল ও কোচের পুরস্কারও দেওয়া হবে।
কবে ও কোথায় হবে অনুষ্ঠান
২০২৬ ব্যালন ডি’অর অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর, সোমবার। স্থানীয় সময় রাত ৮টায় মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে রেড কার্পেট আয়োজন হবে।
তবে অনুষ্ঠানের সুনির্দিষ্ট ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। লন্ডনের ঐতিহাসিক লন্ডন প্যালাডিয়ামে অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে।
কেন প্যারিস থেকে লন্ডনে
ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের হাত ধরে ব্যালন ডি’অরের যাত্রা শুরু হওয়ায় দীর্ঘদিন ধরে পুরস্কারটির সঙ্গে প্যারিসের গভীর সম্পর্ক রয়েছে। ২০১৯ সাল থেকে প্যারিসের থিয়াত্র দু শাতলে নিয়মিত এই অনুষ্ঠান হয়েছে।
এর আগে অবশ্য জুরিখসহ অন্য শহরেও ব্যালন ডি’অরের আয়োজন হয়েছিল। ফিফার সঙ্গে যৌথভাবে ‘ফিফা ব্যালন ডি’অর’ নামেও একসময় অনুষ্ঠানটি সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হয়।
এবার আয়োজন লন্ডনে নেওয়ার পেছনে মূল কারণ ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউস। তাঁকে ইংল্যান্ডের ব্ল্যাকপুলে ছোট পরিসরের এক অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়েছিল।
সাত দশক পর সেই ঐতিহাসিক স্মৃতিকে সামনে রেখে ফুটবলের অন্যতম প্রাচীন ব্যক্তিগত পুরস্কারটি এবার ইংল্যান্ডে ফিরছে।
প্রথম ব্যালন ডি’অরজয়ী স্ট্যানলি ম্যাথিউস
স্ট্যানলি ম্যাথিউস ১৯৫৬ সালে ব্যালন ডি’অরের প্রথম বিজয়ী হন। তাঁর ক্যারিয়ারের বড় অংশ কেটেছে স্টোক সিটি ও ব্ল্যাকপুলে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ফুটবলে ৫০ বছর বয়স পর্যন্ত খেলেছেন।
প্রথম ব্যালন ডি’অর জেতার সময় তাঁর বয়স ছিল ৪১ বছর। সেই সময়ও পুরস্কারটি নিয়ে বিতর্ক ছিল—অনেকে মনে করেছিলেন, শুধু একটি মৌসুম নয়, তাঁর পুরো ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবেও পুরস্কারটি দেওয়া হয়েছিল।
২০২৬ সালের আয়োজন তাই ব্যালন ডি’অরের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করছে।

