
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রী দুজনেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর প্রথমে স্বামী আব্দুল মালেক শেখ (৬৫) মারা যান। এরপর চার দিন পর মৃত্যুর সঙ্গে লড়াই করে প্রাণ হারান তাঁর স্ত্রী জাহানারা খাতুন (৪৮)।
উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত ৩১ জুলাই গভীর রাতে বেলকুচি পৌরসভার মুকুন্দগাতি শাহপাড়া এলাকায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দম্পতি গুরুতর দগ্ধ হন।
ঘটনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল এবং সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিনের ব্যবধানে দুজনেরই মৃত্যু হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান জানান, ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী গ্যাস লিকেজের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁদের জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
পরিবারের সদস্যরা জানান, নিহত আব্দুল মালেক শেখ দিনমজুর হিসেবে কাজ করতেন এবং তাঁর স্ত্রী জাহানারা খাতুন ছিলেন গৃহিণী। প্রায় অর্ধশতক আগে নদীভাঙনের কারণে টাঙ্গাইলের ভূঞাপুর থেকে বাস্তুচ্যুত হয়ে তারা বেলকুচিতে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেছিলেন। দীর্ঘ সংগ্রামের জীবন শেষে মর্মান্তিক এই দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মাঝে।
