দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। পর্দার জনপ্রিয় এই জুটি বাস্তব জীবনেও একসঙ্গে পথচলা শুরু করার পর এবার আবারও বড়পর্দায় ফিরছেন। তাদের নতুন সিনেমা ‘রানাবালি’ মুক্তিকে ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
সিনেমাটি মুক্তির আগে রাশমিকা ও বিজয়ের মিষ্টি কথোপকথনও সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি রাশমিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ক্লিপ শেয়ার করেন। সেখানে বিজয়কে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, তাকে নিজের করে পাওয়ার পরও তার প্রতি ক্রাশ খাওয়া বন্ধ করতে পারেননি তিনি।
রাশমিকার ভাষায়, ‘সে পুরোপুরি আমার—এটা ভাবতেই অবাক লাগে। তবু তার ওপর ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।’
রাশমিকার এমন মিষ্টি মন্তব্যের জবাবও দিয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। তার উত্তরেও ছিল ভালোবাসার ছোঁয়া। বিজয় লেখেন, ‘আমি আশীর্বাদপুষ্ট। জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারাজীবনের জন্য পেয়েছি।’
তাদের এই কথোপকথন দ্রুতই ভক্তদের নজর কাড়ে। সামাজিক মাধ্যমে অনেকেই এই জুটির রসায়ন নিয়ে প্রশংসা করছেন। বাস্তব জীবনের সম্পর্কের পাশাপাশি পর্দাতেও তাদের একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
‘রানাবালি’তে যে চরিত্রে রাশমিকা-বিজয়
‘রানাবালি’ সিনেমায় বিজয় দেবেরাকোন্ডাকে দেখা যাবে নাম-ভূমিকায়। অন্যদিকে রাশমিকা মান্দানা অভিনয় করেছেন জয়াম্মা চরিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন রাহুল সাংকৃত্যায়ন।
ছবিটির গল্প তৈরি হয়েছে ঔপনিবেশিক ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপটে। বিশেষ করে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের দক্ষিণ ভারতের ভয়াবহ দুর্ভিক্ষকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির পটভূমি। সেই সময়ের সামাজিক সংকট, মানুষের সংগ্রাম, প্রতিরোধ এবং জীবনযুদ্ধের নানা দিক গল্পে উঠে আসবে।
মুক্তির অপেক্ষায় ‘রানাবালি’
ঐতিহাসিক প্রেক্ষাপট, বড় তারকা জুটি এবং রাশমিকা-বিজয়ের বাস্তব জীবনের জনপ্রিয়তা—সব মিলিয়ে ‘রানাবালি’ নিয়ে দর্শকদের আগ্রহ ইতোমধ্যে বেশ বেড়েছে। সিনেমাটি ১৬ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
পর্দায় রাশমিকা ও বিজয়ের জুটি এবার দর্শকদের কতটা মুগ্ধ করে, সেটিই এখন দেখার বিষয়।

