নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউ (৪৩)-এর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কাস্টমস হাউস সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর থেকে ঢাকাগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর ওপর নজরদারি করা হয়। বিমানটি ঢাকায় অবতরণের পর ইয়াং ডন সিউকে সন্দেহভাজন হিসেবে নজরদারিতে রাখা হয়।
পরে যাত্রীরা ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেল-১ দিয়ে বের হওয়ার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়। গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে তল্লাশির একপর্যায়ে তাঁর শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণের মধ্যে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার রয়েছে। মোট নয়টি বারের ওজন ৪ দশমিক ৫ কেজি। সবগুলোই ২৪ ক্যারেট মানের।
স্বর্ণের বারগুলো কালো কাপড়ের তৈরি একটি বেল্টে মুড়িয়ে শার্টের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে কাস্টমস।
সূত্র আরও জানায়, ওই যাত্রী স্বর্ণের বিষয়ে কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। স্বর্ণের বৈধতা প্রমাণের জন্য প্রয়োজনীয় কোনো কাগজপত্রও তিনি দেখাতে পারেননি।
এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারায় আইনগত কার্যক্রমের জন্য স্বর্ণগুলো আটক করা হয়েছে। একই আইনে যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অবৈধ স্বর্ণ চোরাচালান প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

