পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সহিংসতা ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে কড়া বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, সাহস থাকলে তাঁদের শরীরের ওপর দিয়ে বুলডোজার চালানো হোক। তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় বিজেপিকে দায়ী করে শনিবার (৭ নভেম্বর) এ মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কালীপূজা ও দীপাবলির আয়োজন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ধর্মীয় উৎসবে বাধা দেওয়ার অভিযোগ তোলেন মমতা।

প্রতিবেদন অনুযায়ী, পরপর দুই দফা সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর সাড়ে ৩টার মধ্যে এসব ঘটনা ঘটে।

এদিকে, এলাকায় দুর্গাপূজার একটি প্যান্ডেল প্রধান সড়কের ওপর অবৈধভাবে স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন মমতা। তাঁর দাবি, এতে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পূজার যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। পুরোনো পূজার অনুমতি বাতিল করে নতুন পূজার আয়োজনের অনুমতি দেওয়ার বিষয়েও কর্তৃপক্ষের সমালোচনা করেন তিনি।

সংবাদ সংস্থা এএনআইকে মমতা বলেন, এটি তাঁদের এলাকা। এই পথ দিয়ে মা কালীর অনেক শোভাযাত্রা যায়। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পূজার অনুমতি বাতিল করা হলেও নতুন পূজার আয়োজনের অনুমতি দেওয়া হচ্ছে। স্থানীয় ক্লাবগুলোকেও কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘এখানে চরম গুন্ডামি চলছে। রাত ২টা বা ৩টার দিকে লোকজন এসে হামলা করছে। বুলডোজার চালানোর সাহস থাকলে আমাদের শরীরের ওপর দিয়ে চালান।’

তবে সংঘর্ষের ঘটনায় কোনো রাজনৈতিক দলকে সরাসরি দায়ী করেনি পুলিশ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে জড়িত দুই পক্ষের মধ্যে কারা কোন দলের সমর্থক, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এএনআই।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version