রাজধানীতে গ্রামপুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে দুই গ্রামপুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ার পর তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অসুস্থ আরও কয়েকজন গ্রামপুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে আয়োজিত ‘গ্রামপুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ যোগ দিতে আসার পথে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

এদিকে নিহত দুই গ্রামপুলিশ সদস্যের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মহাসমাবেশ শেষে প্রতিমন্ত্রী কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রামপুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থ ও আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি তাঁদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে জানান।

নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রামপুলিশের চাকরি দেওয়া হবে।

এ ছাড়া সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছানো এবং দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version