দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়—অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ।’

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সার্বভৌমত্ব র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী মানুষদের স্মরণ করে তারেক রহমান বলেন, লাখো মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্রের হারানো অধিকার ফিরিয়ে আনার লড়াই সফল হয়েছে। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার কাজে এগিয়ে আসতে হবে।

দেশের মানুষের রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের মানুষ ১৯৭১ বানাতে পারে, ১৯৭৫ বানাতে পারে, আবার ২০২৪-ও গড়তে পারে। এ দেশের মানুষকে কখনো দাবিয়ে রাখা যাবে না।’

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাসী সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপস করা হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্রের জবাব দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেওয়া হবে।

ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য শেষে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‌্যালি নয়াপল্টন থেকে শুরু হয়। এতে দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version