20 202607251409005765704832

দৈনিক রিপোর্ট ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহকারী (সুপারভাইজার) নিয়োগের এমসিকিউ পরীক্ষা চলাকালে সাবেক বিএনপি সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের ছেলে রায়হান তালুকদার আকাশ পরীক্ষাকেন্দ্রে অবস্থান করেছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষা চলার সময় আকাশ তালুকদার মোবাইল ফোন হাতে প্রায় ৩০ মিনিট পরীক্ষার কক্ষের ভেতরে ছিলেন। তাঁদের দাবি, সরকারি নিয়োগ পরীক্ষায় একজন বহিরাগত ব্যক্তির এমন উপস্থিতি পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

পরীক্ষার্থী জসিম উদ্দীন অন্তু বলেন, পরীক্ষার হলে বহিরাগত কাউকে দেখতে পেয়ে তারা বিস্মিত হয়েছেন। তাঁর অভিযোগ, মোবাইল ফোন হাতে ওই ব্যক্তি দীর্ঘ সময় কক্ষে অবস্থান করায় পরীক্ষার্থীদের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়।

তিনি আরও দাবি করেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ পরীক্ষাকেন্দ্রের বাইরে থেকে ভিডিও ধারণ করেন, যা পরীক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে তাঁদের ধারণা।

আরেক পরীক্ষার্থী জাফর ইকবাল বলেন, সরকারি নিয়োগ পরীক্ষার সময় মোবাইল ফোনসহ কোনো বহিরাগত ব্যক্তির কক্ষে অবস্থান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষ্য, পুরো সময়জুড়েই অভিযুক্ত ব্যক্তিকে মোবাইল হাতে দেখা গেছে।

পরীক্ষার্থী মো. মহিউদ্দীন অভিযোগ করেন, এমন ঘটনা একটি সরকারি নিয়োগ পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে। তিনি বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুশফিকুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযোগের বিষয়ে রায়হান তালুকদার আকাশ বলেন, তিনি পরীক্ষার হলে গিয়েছিলেন, তবে সেখানে বেশিক্ষণ অবস্থান করেননি; অল্প সময়ের জন্য ছিলেন বলে দাবি করেন।

অন্যদিকে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, অনুমতি ছাড়া কোনো ব্যক্তির পরীক্ষাকক্ষে থাকার সুযোগ নেই। অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত শেষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পরীক্ষার্থীরা সরকারি নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version