আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করেছে জাতীয় গুম প্রতিরোধ কমিটি। রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে বাংলামোটর মোড় থেকে পদযাত্রাটি শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে পৌঁছায়।
পদযাত্রায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শীর্ষ নেতারাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, জামায়াতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। গুমের শিকার কয়েকজন ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যরাও এতে অংশ নেন।
পদযাত্রার আগে বাংলামোটরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে গুমের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গুম প্রতিরোধ অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবিও তোলা হয়।
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, পদযাত্রাটি সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে। পরে একটি প্রতিনিধি দল স্পিকারের কাছে স্মারকলিপি দেবে।
পদযাত্রায় ‘বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

